পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl
- আপডেট সময় : ০৩:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে


মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগ তুলেছে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যও তাঁকে দায়ী করেছেন দলটির স্থানীয় নেতারা।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে পার্বতীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে, সে জন্য বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, এ জেড এম রেজওয়ানুল হক বিএনপি থেকে বহিষ্কৃত। দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো নেতাকর্মী কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে সতর্ক করা হয়।এ সময় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির নেতারা। তাঁদের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে এ জেড এম রেজওয়ানুল হকের ভূমিকা রয়েছে।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের প্রস্তুতি এবং দলীয় অবস্থান তুলে ধরা হয়।












